কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের | চ্যানেল আই অনলাইন

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের | চ্যানেল আই অনলাইন

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন উপস্থিতি নির্দেশনা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রাণালয়। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার ৩০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। এছাড়া দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই সময়সীমা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত পরিপত্রের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

Scroll to Top