কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম | চ্যানেল আই অনলাইন

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমেছে। আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে। জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে সরকার।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। আর প্রতি লিটার পেট্রেল ও কেরোসিন বিক্রি হয়েছে যথাক্রমে ১১৬ টাকা ও ১১৪ টাকায়।

Scroll to Top