কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন – DesheBideshe

কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন – DesheBideshe


কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন – DesheBideshe

ঢাকা, ১৩ জুন – খাল খনন ও বৃক্ষরোপণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি সমুদ্র উপকূলীয় এই জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান যে শনিবার সকাল পৌনে ৯টায় তারা গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন এবং সেখানে একটি জনসভায় বক্তব্য দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণ অভিযানের উদ্বোধন করবেন। এরপর পেকুয়া উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে চকরিয়ায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সন্ধ্যায় সুধী সমাবেশে অংশগ্রহণ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাতেই তার পুনরায় ঢাকা ফেরার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কক্সবাজারে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

এনএন/ ১৩ জুন ২০২৬



Scroll to Top