
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই কঠোর বার্তা দিলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বা ওসিদের সরাসরি মন্ত্রীকে ফোন না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদবির ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে নিজের নামে টাঙানো ব্যানার ও ফুলের তোড়া দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সভায় ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন যে যেকোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে এবং পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
তিনি বলেন থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে। প্রথম বৈঠকেই মন্ত্রণালয় পরিচালনার স্পষ্ট দিকনির্দেশনা দিয়ে তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মন্ত্রণালয়ের বাইরে তাকে নিয়ে টাঙানো একটি ব্যানারের প্রসঙ্গ টেনে তিনি বলেন এ ধরনের বিষয় রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রযোজ্য হলেও কর্মকর্তাদের পেশাদারত্ব বজায় রাখতে হবে।
গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান অতীতে যা ঘটেছে তা নিয়ে তিনি পেছনে ফিরতে চান না। তবে সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি বাহিনীর সদস্যদের সতর্ক করে বলেন কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না এবং কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে জনগণের ভোগান্তির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান দেশে দাবি আদায়ের নামে কোনো ধরনের মব কালচার সহ্য করা হবে না। দাবি দাওয়া যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে এবং মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬





