নাটকীয়তা ও রোমাঞ্চে ভরা লড়াই দেখেছে ওল্ড ট্রাফোর্ড। শুরুতে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের কাছে দুবার পিছিয়ে পড়ে হারের শঙ্কা জেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ১২০ মিনিটের লড়াই ও ৭ গোলের ম্যাচে শেষ হাসিটা হেসেছে ইউনাইটেড। লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে এরিক টেন হাগের দল।
রোববার ঘরের মাঠে ইউনাইটেডের গোল করেছেন স্কট ম্যাকটমিনে, অ্যান্টোনি, মার্কাস রাশফোর্ড ও দিয়ালো। সফরকারীদের হয়ে গোল পেয়েছেন ম্যাক আলিস্টার, মোহাম্মেদ সালাহ ও এলিয়ট।
ম্যাচের দশম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ম্যাকটমিনে। ৩৬ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান ওয়াতারো এন্ডো। অফসাইডে ফাঁদে পড়ে বাতিল হয় গোল। ৪৪ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ম্যাক আলিস্টার।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও ইউনাইটেডের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে লিভারপুল। এবার দলকে এগিয়ে নেন সালাহ।

বিরতির আগে পরপর দুই গোল খেয়ে কিছুটা খেই হারিয়ে ফেলে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের প্রথম ২৫ মিনিটে আক্রমণে যেতে পারেনি তারা। ব্যবধান ধরে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে দৃশ্যপট বদলে দেন অ্যান্টোনি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে গোল করে ইউনাইটেডকে স্বস্তিতে ফেরান।
২-২ সমতায় নির্ধারিত সময় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে ফের লিভারপুলকে লিড এনে দেন এলিয়ট। ১১২ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান রাশফোর্ড। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে আলেজান্দ্রো গার্নাচোর পাস থেকে লিভাপুলের জয়সূচক গোলটি এনে দেন দিয়ালো।
দিনের আরেক কোয়ার্টার-ফাইনালে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। এর আগে শেষ আটের প্রথম দুই ম্যাচে উলভসকে ৩-২ গোলে হারিয়ে কভেন্ট্রি সিটি ও নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটি সেমিফাইনালে ওঠে।




