যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটি মঙ্গলবার (২৬ মে) ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক এই বিস্ফোরণে কয়েকজন গুরুতরভাবে আহত ও নিহত হয়েছেন এবং পুরো শিল্পপ্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
বিস্ফোরণের পরপরই লংভিউ ফায়ার বিভাগ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাদের পরিবারকে অবহিত করার পরই প্রকাশ করা হবে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, আশপাশের আবাসিক এলাকাগুলো এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেখানে কোনো ঝুঁকির আশঙ্কা নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে লংভিউ ও ভ্যাঙ্কুভারের নিকটবর্তী হাসপাতালে পাঠান। বিস্ফোরিত ট্যাংকে কী ধরনের রাসায়নিক পদার্থ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ জন দমকলকর্মী ও প্যারামেডিকস কাজ করছেন বলে জানা গেছে।




