আসন্ন সিরিজগুলোর পাশাপাশি বিসিবির নির্বাচক প্যানেলের ভাবনায় এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। এমনকি বিশ্বকাপের আগে বড় কোনো পরিবর্তনের কথাও ভাবছেন না নির্বাচকরা। আগামী ৬ মাস-এক বছরের মধ্যেই যাচাই-বাছাই চূড়ান্ত হবে দল।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেন হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি জানান, নতুন কাউকে পরখ করার জন্য অনির্দিষ্টকাল সময় নেবে না বিসিবি।
বলেছেন, ‘আমরা বিশ্বকাপের ঠিক আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি নতুন কাউকে আমাদের দেখার প্রয়োজন হয়, তবে সেটা আগামী ছয় মাস বা এক বছরের মধ্যেই সেরে নেব।’
মূলত বিশ্বকাপের দেড়-দুই বছর আগেই একটি থিতু স্কোয়াড গড়ে তোলাই নির্বাচকদের মূল লক্ষ্য। ভবিষ্যতের দল গড়তে গিয়ে বর্তমানের জয়রথ যেন থমকে না যায়, সেদিকে কড়া নজর রাখছে বিসিবি। সুমন জানান, জয়ের বিকল্প কিছু নেই।
বলেছেন, ‘বাংলাদেশ টিমের প্রথম অগ্রাধিকার হচ্ছে ম্যাচ জেতা। জেতার জন্যই আমরা সবসময় সেরা দলটা মাঠে নামাব। আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি ঠিকই, কিন্তু জেতার মানসিকতা স্যাক্রিফাইস (বিসর্জন) করে নয়।’



