
নয়া দিল্লি, ১১ জুন – ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ভারতের কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তারা নিখোঁজ থাকলেও পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
নিহত তিন ভারতীয় নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। পালাউ নিবন্ধিত সেত্তেবেলো নামক ওই জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয় এবং বাকি চারজন বিদেশি নাগরিক।
বিদেশিদের মধ্যে দুইজন পাকিস্তানি এবং একজন করে ইউক্রেন ও রাশিয়ার নাগরিক রয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ওমান উপসাগরে এই ঘটনা ঘটে। তাদের দাবি অনুযায়ী জাহাজটি ইরানি তেল পরিবহনের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছিল।
মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করায় এক পর্যায়ে যুদ্ধবিমান থেকে নির্ভুল অস্ত্র ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয়। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় ভারতীয় নাগরিকদের বহনকারী জাহাজে এই হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় প্রতিবাদ জানাতে দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এস এম/ ১১ জুন ২০২৬






