ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে রহস্যজনকভাবে মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। এসময় তিনি দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারের হাতে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) সকালে তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা নামক এলাকায় গাড়ির ভেতর থেকে ওই চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।





