ঐক্যবদ্ধ তরুণরা সবকিছু উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ঐক্যবদ্ধ তরুণরা সবকিছু উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe


ঐক্যবদ্ধ তরুণরা সবকিছু উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ইসলামাবাদ, ১ আগস্ট – পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, বিদ্যমান ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই কাঠামোর মাধ্যমে দেশের বর্তমান সংকট নিরসন সম্ভব নয়।

বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান ইকোনমিক সামিটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। নকভি সতর্ক করে বলেন, তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তবে তারা বিদ্যমান সবকিছু বদলে দিতে পারে। ভারতের তরুণদের আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণদের তেলাপোকা বা অন্য যেকোনো কিছু বলা হোক না কেন, তাদের ঐক্যবদ্ধ শক্তি অত্যন্ত প্রবল।

তিনি আরও বলেন, পাকিস্তানের সাধারণ মানুষ কোনো অনুদান চায় না বরং তারা একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা চায় যেখানে মেধার মূল্যায়ন হবে। দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্বের প্রেক্ষাপটে তিনি কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, আগামী এক দশকের মধ্যে ব্যাপক সংস্কার না হলে পাকিস্তান একই বৃত্তে আটকে থাকবে।

শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে তরুণদের আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানেও এমন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সমস্যাগুলো কেবল সামরিক নেতৃত্বের পক্ষে সমাধান করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে সুশাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে। সেনাপ্রধান আসিম মুনিরও সবসময় গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে মত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top