এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উত্তাল বাংলাদেশ-ভারতের ভূরাজনৈতিক সম্পর্ক। নিরাপত্তিজনিত কারণে ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এ প্রসঙ্গে বলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর, দোষারোপ করেছেন ভারতকেই। এর আগে আইপিএল থেকে বাদ দেয়ায় মোস্তাফিজুর রহমানের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
ভারতের ক্রীড়া ধারাভাষ্যকার ভিক্রান্ত গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না বাংলাদেশ।
সেই পোস্ট টেনে শশী লিখেছেন, ‘এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’
এর আগে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলেন তিনি। বলেছেন, ‘বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত অতিক্রম করিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি অবশ্যই এক নয়। তাছাড়া, এ দেশ দুটির সঙ্গে আমাদের সম্পর্ক ভিন্ন। বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এ দুই দেশকে একই সমীকরণে ফেলা যায় না।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার সংবাদ সম্মেলনে মোস্তাফিজের বিষয় বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই।’ সেই বার্তা টেনে শশী থারুর বলেছেন, ‘তিনি একদম ঠিক।’
মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে টাইগার পেসারকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়, যা ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে এনেছে। প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানিয়ে আইসিসিতে চিঠি লিখেছে।





