
ছবি: সংগৃহীত
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মাঝখানে রাখার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিটি মূল ছবির সম্পাদিত সংস্করণ বলে অভিযোগ উঠেছে। ছবিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং কিরগিজ কর্নেল উলারবেক জারলিকোভিচ শারশিভকে দেখা যায়।
ছবিটি কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনের আগে তোলা হয়েছিল। সেখানে সংগঠনটির সদস্য দেশগুলোর নেতাদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
একই অনুষ্ঠানের মূল ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেই ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ অবস্থানে দাঁড়িয়ে ছিলেন। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ছবিতে শাহবাজকে মাঝখানে রাখতে তার চারপাশের আরও পাঁচ বিশ্বনেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। ছবিটি কেন সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ব্যাখ্যার কথা এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য আসে। ওই সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব ফেলছে।
মোদি এসসিওর তিনটি গুরুত্বপূর্ণ ভিত্তি, নিরাপত্তা, যোগাযোগ ও সম্ভাবনাকে কেন্দ্র করে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শুধু পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে সীমাবদ্ধ না থেকে বাস্তব ও পরিমাপযোগ্য ফলাফলের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে এসসিও প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংগঠনটির পূর্ণ সদস্য হয়। এরপর ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।
এবারের ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সহযোগিতা এগিয়ে নিতে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ ও দুটি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…