সম্প্রতি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’ ঘিরে বিশ্বজুড়ে এখন তীব্র আলোচনার ঝড়। আলোচিত এই নথি পড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত।
জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট তদন্তের বিস্তারিত তথ্য তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন কঙ্গনা। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্তের বিপুল তথ্য প্রকাশ করেছে। এতে রয়েছে ৩০ লাখেরও বেশি নথি, প্রায় ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজারের বেশি ছবি।
তারই প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা জানান, এপস্টেইন ফাইলস পড়ে তিনি গভীরভাবে “বিচলিত ও হতবাক”।
তার ভাষায়,“অপরাধ সব জায়গাতেই ঘটে, কিন্তু এখানে যা উঠে এসেছে, তা যেন কোনো উচ্চবিত্ত সমাজের ফ্যাশন বা বিকৃত সংস্কৃতিতে পরিণত হয়েছিল। যেন কোনো শয়তানি বা দানবীয় ধর্মীয় আচার।”
তিনি আরও লেখেন,“আমরা যাদের রকস্টার, গায়ক, চলচ্চিত্র তারকা, রাজনীতিবিদ, মডেল কিংবা পরিচালক হিসেবে বড় হতে দেখেছি- তারা কীভাবে অসহায় তরুণী ও একেবারে ছোট শিশুদের নির্যাতন ও হত্যার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারল?”
এপস্টেইন ফাইলস তাকে মানবজাতির ভবিষ্যৎ নিয়েও গভীর হতাশায় ফেলেছে বলে জানান কঙ্গনা। তার মতে, এই ঘটনাগুলো মানবতার প্রকৃত চেহারাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একইসঙ্গে তিনি ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে আনেন।
কঙ্গনা লেখেন,“এগুলো আমাকে ভীষণ দুঃখিত করে এবং ভবিষ্যৎ নিয়ে চরম হতাশ করে তোলে। এতে আমি আরও নিশ্চিত হচ্ছি, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং চিরন্তন সনাতন দর্শনই আজ বিশ্বের উত্তর খুঁজে পাওয়ার পথ। দেবতা ও অসুরের যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সেগুলো আজও প্রাসঙ্গিক। অসুরের আধিপত্য বাড়লে দেবতারও উত্থান ঘটে। আপনি কোন পক্ষের?”
তিনি পোস্টের শেষে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেন ‘হরেকৃষ্ণ’!
সবশেষ ‘ইমার্জেন্সি’-তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কঙ্গনাকে। সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। তবে ছবিটি বক্স অফিসে ব্যাপকভাবে ব্যর্থ হয়। ছবিতে আরও অভিনয় করেন অনুপম খের, শ্রেয়াস তালপড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান ও বিশাক নায়ার। ডিএন ইন্ডিয়া





