
ঢাকা, ২৬ মার্চ – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি ভিন্ন অধিদপ্তরের অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান ও সহকারী প্রধানদের জন্য মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদ রয়েছে।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের সংখ্যা ৯ হাজার ৭০৮টি। পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে। এনটিআরসিএ আরও জানিয়েছে যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদন বাতিল করা হয়েছে।
তবে ওইসব আবেদনকারীদের প্রদানকৃত ফি অনলাইন ব্যাংকিং সেবা যেমন নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ কাটা টাকা প্রার্থীরা ফেরত পাবেন না।
পুরনো আবেদনকারীদেরও নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আবেদন প্রক্রিয়া আগামী ২৮ মার্চ শুরু হবে এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
এ এম/ ২৬ মার্চ ২০২৬





