অ্যালবামের প্রতিটি গান লিখেছেন ও সুর করেছেন এনজেল নূর। তিনি বলেন,‘“যদি আবার” গানে যেমন আমার জীবনের গল্প বলেছি, অ্যালবামের গানেও তেমনই। প্রতিটি গানে নিজস্ব অনভূতি থাকবে।’ এখন পর্যন্ত ৩৬টির মতো গান লিখেছেন, সুরও দিয়েছেন এনজেল। এর মধ্যে সাতটি গান অ্যালবামে আসছে। গান রেকর্ড করছেন, মাসখানেকের মধ্যে স্পটিফাইয়ে অ্যালবামটি প্রকাশিত হবে। এরপর প্রতি সপ্তাহে একটি করে মিউজিক ভিডিও প্রকাশ করবেন।
এর মধ্যে কলকাতা থেকে ডাক পেয়েছেন এনজেল। তাঁর আলোচিত ‘যদি আবার’ গানটি সিনেমায় ব্যবহার করতে চান কলকাতার এক পরিচালক। বিষয়টি নিয়ে ভাবছেন এনজেল, এখনো সম্মতি দেননি। আগামী মাসে ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা, এরপর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান এই গায়ক। ‘যদি আবার’ গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন।



