জানা গেছে, বিদেশি সহায়তা থেকে এডিপি কমবে সাড়ে ১০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৮৩ হাজার ৫০০ কোটি টাকা, আর দেশজ উৎসের অর্থ কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে দেশজ উৎসের অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। গতবারও সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছিল।
চলতি মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগ। সেখানে প্রকল্পের কর্মকর্তারা প্রকল্প সহায়তার পক্ষেই মত দিয়েছেন। তাঁদের মতামত ও বাস্তবায়ন সক্ষমতার ভিত্তিতে এডিপির আকার কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



