এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না – DesheBideshe

এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না – DesheBideshe

এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না – DesheBideshe

পঞ্চগড়, ০৩ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না এবং কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন ঋণখেলাপি রয়েছেন, যারা ব্যাংক থেকে নেওয়া টাকা ফেরত দেননি। তিনি বলেন, এই ১৫ জন যে টাকা নিয়েছেন তা জনগণের টাকা, আর ভয়ঙ্কর বিষয় হলো—তারা সবাই মিলে প্রায় ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সারজিস আলম প্রশ্ন তুলে বলেন, যারা এখনো এমপি হয়নি বা ক্ষমতায় যায়নি, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ছয় হাজার কোটি টাকা লুটপাট করে থাকে, তাহলে নির্বাচনের পরে তাদের দিয়ে কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান।

তিনি আরও বলেন, চার দিন আগে শেরপুরে উপজেলা জামায়াতের এক নেতাকে বিএনপির কর্মীরা প্রকাশ্যে হত্যা করেছে। গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি নিজেদের দলের ভেতরের সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।

সভায় সারজিস আলম বলেন, তারা প্রতিহিংসার রাজনীতি করতে আসেননি এবং কামড়াকামড়ির রাজনীতিও করতে আসেননি। তারা জনগণের জন্য কাজ করতে এসেছেন। তিনি বলেন, এই আসনে কেউ যদি ধানের শীষে ভোট দেন এবং শাপলা কলি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে তাদের দ্বারা কেউ কোনো অন্যায়ের শিকার হবেন না। তবে তাদের কোনো নেতাকর্মী যদি কারও সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top