এগিয়ে থেকেও ড্র সিটির, পিছিয়ে পড়েও ড্র লিভারপুলের

এগিয়ে থেকেও ড্র সিটির, পিছিয়ে পড়েও ড্র লিভারপুলের

এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একটাই ম্যাচ হেরেছে লিভারপুল, সেটা গত সেপ্টেম্বরে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের কাছে।  শুধু লিভারপুলের বিপক্ষে ওই জয় নয়, লিগে দারুণ এক মৌসুম কাটাচ্ছে এবার নটিংহাম। আজ নটিংহামের মাঠে ফিরতি লেগে আবারও মুখোমুখি হয় দুই দল। এবারও মনে হচ্ছিল লিভারপুলকে হারিয়ে দেবে নটিংহাম। ৮ মিনিটে ক্রিস উডের করা গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। ৬৬ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখেছিল নটিংহাম। তারপর লিভারপুলকে উদ্ধার করেন বদলি নামা দুই খেলোয়াড়, কস্তাস সিমিকাস ও দিয়েগো জোতা। সিমিকাসের কর্নারে বদলি নামার ২২ সেকেন্ডের মধ্যেই হেড করে গোল করেন জোতা। এরপর মনে হচ্ছিল, লিভারপুল বুঝি ম্যাচটা জিতেও যাবে। শেষ পর্যন্ত সেটা হয়নি যদিও।

লিগে এ নিয়ে টানা দুটি ম্যাচ ড্র করল লিভারপুল, ঠিক এর আগের ম্যাচে ২-২ ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।

তবে এতে পয়েন্ট তালিকায় লিভারপুলের অবস্থান নড়বড়ে হয়নি একটুও।  ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্নে স্লটের দল। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে নটিংহাম। 

একই রাতে বোর্নমাউথের সঙ্গে ২-২ ড্র করা চেলসি ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।  

Scroll to Top