এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন, বড় পর্দায় নতুন চমক – DesheBideshe

এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন, বড় পর্দায় নতুন চমক – DesheBideshe


এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন, বড় পর্দায় নতুন চমক – DesheBideshe

মুম্বাই, ১৬ এপ্রিল – দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে রুপালি পর্দায় আসতে যাচ্ছে এক বিশাল চমক। প্রথমবারের মতো একই চলচ্চিত্রে একসঙ্গে দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, রাকা শিরোনামের একটি সিনেমায় দুই ইন্ডাস্ট্রির এই শীর্ষ দুই তারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবরে দুই তারকার ভক্ত মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কিং। এই বছরের শুরুর দিকে সিনেমাটির টিজার প্রকাশ্যে আসে যেখানে শাহরুখের চিরচেনা সেই লার্জার দ্যান লাইফ অবতার দর্শকদের মুগ্ধ করে।

আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে কিং সিনেমাটির। এর মাঝেই আল্লু অর্জুনের সঙ্গে শাহরুখের স্ক্রিন শেয়ার করার খবরটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা জওয়ানে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের কিন্তু শিডিউল জটিলতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হতে পারে।

শোনা যাচ্ছে, আল্লু অর্জুনের সিনেমাতেই ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। মূলত রাকা সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এই জল্পনার শুরু। পোস্টারটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছিলেন শাহরুখ খান। জবাবে অ্যাটলি লিখেছিলেন যে তিনি তাকে আরও গর্বিত করবেন। সেই বার্তা থেকেই অনেকে ধরে নিয়েছেন যে অ্যাটলির এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন শাহরুখ।

সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও। এর আগে জওয়ান সিনেমায় দীপিকার অভিনয় দর্শক সমাদৃত হয়েছিল। এখন রাকা সিনেমার মাধ্যমে এই ত্রয়ীর রসায়ন দেখার জন্য উন্মুখ হয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬



Scroll to Top