‘বেঁচে আছি, এটাই মিরাকল’
ওমর ফারুকের দাফন শেষ হয় রাত নয়টার দিকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জানাজা হয় বড় ছেলে আবদুল্লাহর। একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইকে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
আজ সকালে কথা হয় দুই কিশোরের বাবা ফজল কাদেরের সঙ্গে। কান্না করতে করতে তিনি প্রথম আলোকে বলেন, রাতে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও অসুস্থ। ছেলেরা নিজেরাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। অসতর্কতাবশত আগুন পুরোপুরি না নিভিয়ে ঘুমিয়ে পড়ে। পরে মশারি, কম্বল কিংবা কোনো কাপড়ে আগুন লেগে যায়। আগুনে পুড়ে গেছে পুরো ঘর।
কথাগুলো বলতে বলতে থেমে যান ফজল কাদের। এরপর বলেন, ‘আমার চার ছেলে। তাদের মধ্যে দুজন হাফেজ হয়েছে। বাকি দুজন এখনো ছোট। আমার দুঃখ ঘোচার সময় তারা চলে গেল। আমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।’

