সিডনিতে অনুষ্ঠানটির আয়োজন করে বেস্ট অব বেঙ্গল। আয়োজকদের অন্যতম তানিম মান্নান জানান, গানকে বাণিজ্যিক চাকচিক্য কিংবা চড়া শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তাঁরা। বরং এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, যেখানে শ্রোতারা মন দিয়ে গান শুনবেন, শিল্পীদের সঙ্গে কথা বলবেন। অনেকটা ঘরোয়া গানের আসরের মতোই।
পুরোনো দিনের জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে তুলে ধরার পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন নন্দিতা ও শুভেন্দু। এর আগে এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন, নিজেদের স্বতন্ত্র কোমল সুরের ধরন বজায় রেখেই নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁদের।
সিডনির পর এবার মেলবোর্নে গান শোনাবেন দুই শিল্পী। আয়োজকেরা জানিয়েছেন, ২৫ অক্টোবর রোববার সেখানে মোজি অ্যান্ড কোং–এর পরবর্তী পরিবেশনা অনুষ্ঠিত হবে। এরপর দেশে ফিরবেন নন্দিতা ও শুভেন্দু।

