
ঢাকা, ৬ এপ্রিল – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯২ কোটি ৫৯ লাখ টাকার জোগান দেওয়া হবে।
সোমবার ৬ এপ্রিল সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুমোদন পাওয়া পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং দুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সভায় পরিকল্পনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া শিল্প বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ এর প্রথম সংশোধন এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ৪ এর তৃতীয় সংশোধন। পাশাপাশি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের প্রথম সংশোধন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬






