চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় পরীক্ষার তারিখ নিয়ে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ তারিখ চূড়ান্ত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।
এদিকে, এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড, সাধারণ, মাদরাসা ও কারিগরি, সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।




