উৎপাদনমুখী রাষ্ট্র গঠন ও রাজনৈতিক সচেতনতার আহ্বান হাসনাত আবদুল্লাহর – DesheBideshe

উৎপাদনমুখী রাষ্ট্র গঠন ও রাজনৈতিক সচেতনতার আহ্বান হাসনাত আবদুল্লাহর – DesheBideshe


উৎপাদনমুখী রাষ্ট্র গঠন ও রাজনৈতিক সচেতনতার আহ্বান হাসনাত আবদুল্লাহর – DesheBideshe

যশোর, ২৪ জুলাই – উৎপাদনমুখী রাষ্ট্র গড়ার পরিবর্তে বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষকে পরোক্ষভাবে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বিকেলে যশোরের অভয়নগরের পুরাতন বাসস্ট্যান্ডে দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। ফলে দীর্ঘ সময় তাদের সেই ভুল সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতন জনতাই জনপ্রতিনিধিদের সেবক হতে বাধ্য করবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার রাষ্ট্র সংস্কার ও সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। দলের নেত্রী ডা. মাহমুদা মিতু বলেন, নারীদের রাজনীতিতে আসার পথে সৃষ্ট সকল বাধা ও নেতিবাচক প্রচার উপেক্ষা করে সক্রিয় হতে হবে। রাষ্ট্র সংস্কারে প্রয়োজনে গণভোট বাস্তবায়নের দাবিও জানান তিনি।

পথসভায় এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

এনএন/ ২৪ জুলাই ২০২৬



Scroll to Top