
রংপুর, ১৭ জুলাই – দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি কিছুটা হ্রাস পেলেও আগামী তিন দিন তা পুনরায় বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংশ্লিষ্ট নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধির কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু এলাকায় নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সাথে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
এনএন/ ১৭ জুলাই ২০২৬






