উইকেট ভালোই ছিল, নাহিদ পার্থক্য গড়ে দিয়েছেন: পাকিস্তান কোচ | চ্যানেল আই অনলাইন

উইকেট ভালোই ছিল, নাহিদ পার্থক্য গড়ে দিয়েছেন: পাকিস্তান কোচ | চ্যানেল আই অনলাইন

সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এবারের ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে নাহিদ রানা গতিঝড়ে বিধ্বস্ত পাকিস্তান। এবার আর উইকেটের দোহাই দেননি পাকিস্তান কোচ। বরঞ্চ নাহিদের ঝলমলে পারফরম্যান্সের অবদানের কথা স্বীকার করেছেন। তার মতে, টাইগার পেসারের বিধ্বংসী বোলিং পার্থক্য গড়ে দিয়েছে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে নেমে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দলের এমন হারের পর সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের কোচ মাইক হেসন। জানান উইকেট ভালো ছিল।

বলেন, ‘উইকেট ভালো ছিল, আমার মতে এটা ভালো আচরণ করেছে। নাহিদ রানা অসাধারণ ছিল। ও বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। ও এসে খেলাটা বদলে দিয়েছে। ও উইকেট টু উইকেট বল করেছে, বোলিংয়ে বৈচিত্র ছিল এবং তার গতিতে এটাই প্রত্যাশিত।  আমাদের যেমন জবাব দেয়ার কথা ছিল সেটা দিতে পারিনি। তাই পুরোটাই নাহিদের কৃতিত্ব।’

৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। টাইগার পেসারে প্রশংসায় হেসন বলেন, ‘আসলে প্রথমবার আমি তাকে সরাসরি দেখলাম। টিভিতে অনেক দেখেছি। আমি মনে করি সে খুব সুন্দরভাবে বোলিং করেছে, এমনকি অনুশীলনেও। তার টাইমিং ভালো হচ্ছিল। সে কঠিনভাবে উইকেটে বল ঢোকায়, সিম উপস্থাপন করে, ক্রস-সিম করে। সে খুবই প্রতিশ্রুতিশীল বোলার। আমরা এমন পেসের মুখোমুখি হই সবসময়। তবে সে ভালো জায়গায় বল করেছে, আক্রমণাত্মক ছিল, ভালো বাউন্সার করেছে। সে যা পেয়েছে তা তার প্রাপ্য। আমি মনে করি সে খুব ভালো বোলিং করেছে।’

নিজের শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে হেসন বলেন, ‘লজ্জা করে উপায় নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’

আগামীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পাকিস্তানের। হেসন বলেন, ‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। আজকের পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম। শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে সেটাই চেষ্টা থাকব।’

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের খেলা ডাচ-বাংলার সৌজন্যে সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

Scroll to Top