
ঈশ্বরদী, ৯ ফেব্রুয়ারি – পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পানি সরবরাহের কাজে যুক্ত ওয়াসার শ্রমিকদের আবাসন থেকে আধুনিক রাইফেলের ২৪ রাউন্ড তাজা গুলি ও একটি পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঈশ্বরদীতে ওয়াসার সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া শাকিলের কক্ষে অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এই ঘটনায় পাকশী ফাঁড়ি পুলিশ বাদী হয়ে শাকিল ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম। পলাতক গোলাম কিবরিয়া শাকিল পাবনার চরতারাপুর ইউনিয়নের বাঙ্গিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ওই প্রকল্পে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. মামুন হোসেন জানান যে ব্যবস্থাপক শাকিলের কাছে প্রায়ই বাইরের লোকজন যাতায়াত করত। ঘটনার সময় অজ্ঞাত দুই ব্যক্তিকে নিয়ে তিনি কক্ষে প্রবেশ করেন এবং এর কিছুক্ষণ পরেই ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়।
পরবর্তীতে শাকিল ও তার সঙ্গীরা অস্ত্রসহ কক্ষ থেকে বেরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান নির্বাচনের আগে রাতে পাকশীর আবাসিক এলাকায় গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পাকশী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান যে এটি নির্বাচনকেন্দ্রিক কোনো সহিংসতা নয় বরং উদ্ধারকৃত আলামত দেখে ধারণা করা হচ্ছে জড়িতরা পেশাদার অপরাধী।
ঘটনার সময় মাদকসেবনের প্রস্তুতিকালে দুর্ঘটনাবশত তাদের অস্ত্র থেকে গুলি বের হয়ে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামতও পাওয়া গেছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬




