ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত, কমলাপুরে কর্মজীবী মানুষের ভিড় | চ্যানেল আই অনলাইন

ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত, কমলাপুরে কর্মজীবী মানুষের ভিড় | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পঞ্চম দিন সোমবার (১ জুন) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ নানা পেশার মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন।

যাত্রীরা জানান, নির্ধারিত টিকিট থাকা সত্ত্বেও অনেকেই নিজ আসনে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করেছেন। একই সঙ্গে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করায় ভোগান্তি আরও বেড়েছে।

সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে অন্তত ১২টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। এসব ট্রেনের প্রায় প্রতিটিতেই ছিল উপচেপড়া ভিড়। বিমানবন্দর রেলস্টেশনে বিপুলসংখ্যক যাত্রী নেমে যাওয়ার পরও কমলাপুরমুখী ট্রেনগুলোতে যাত্রীচাপ কমেনি। আসনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা যাত্রী নিয়েই গাদাগাদি অবস্থায় ঢাকায় ফিরেছে ট্রেনগুলো।

সকাল ৯টার দিকে জামালপুর থেকে আসা ‘ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস’-এ অতিরিক্ত ভিড়ের চিত্র স্পষ্ট ছিল। অনেক যাত্রীকে ট্রেনের গেটে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাত্রা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, টিকিট কেটেও অনেক যাত্রী নিজ বগি বা আসনে পৌঁছাতে পারেননি।

এ ছাড়া কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে আসা ট্রেনগুলোতেও ছিল একই চিত্র। অধিকাংশ ট্রেনেই অতিরিক্ত যাত্রী নিয়ে দাঁড়িয়ে যাত্রা করতে হয়েছে অনেককে।

পঞ্চগড় থেকে আসা ‘একতা এক্সপ্রেস’-এর যাত্রী মহিদুল জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে অনলাইনে টিকিট কেটে ঢাকায় ফিরলেও অতিরিক্ত ভিড়ের কারণে নিজ আসনে বসতে পারেননি। এমনকি নির্ধারিত বগিতেও উঠতে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানো ‘রংপুর এক্সপ্রেস’-এর যাত্রী আব্দুল্লাহ আল মানুম বলেন, ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে রংপুর থেকে ছেড়ে আসে। এতে ঢাকায় পৌঁছাতেও কয়েক ঘণ্টা বিলম্ব হয়। সময়মতো অফিসে যোগ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Scroll to Top