ঈদের ছুটি শেষেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ঈদের ছুটি শেষেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি, অনেকেই এখনো কর্মস্থলে ফেরেননি। তবে রাষ্ট্রীয় দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ছুটি শেষ হতেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই সকাল থেকে রাত পর্যন্ত টানা কর্মব্যস্ত সময় কাটান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিনভর নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন। রাত ৭টা ৫৩ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেসসচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেকটি জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ—সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭টা ৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশনায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।”

অতিরিক্ত প্রেসসচিব আরও বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

Scroll to Top