ঈদযাত্রায় ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রায় ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আজ (৫ মার্চ) বৃহস্পতিবার তৃতীয় দিনে এই কার্যক্রমের অংশ হিসেবে  আগামী ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও আন্তঃনগর ট্রেনের টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ এবং ১৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। এসব টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে।

Scroll to Top