
ঢাকা, ২৬ মে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন যে, বাস ও ট্রেনের অতিরিক্ত ভাড়া মেটাতে না পেরে সাধারণ মানুষ বাধ্য হয়ে মালবাহী ট্রাকে করে বাড়ি ফিরছে।
ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি বলেন, ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। সরকারের উদাসীনতায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।
নূরুল ইসলাম বুলবুল আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় পরিকল্পনার অভাবে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে। বর্তমান প্রথাগত বাজেট থেকে বেরিয়ে এসে জনবান্ধব বাজেট তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন যা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।
জামায়াতে ইসলামী একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং মানুষের প্রয়োজনে যেকোনো দুর্যোগে সংগঠনটি সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ না করে দুর্নীতিবাজ ও লুটেরাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগের সমালোচনা করে তিনি অর্থনীতিকে চাঙ্গা করতে সৎ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে সব ব্যাংক পরিচালনার দাবি জানান।
শাহীন আহমেদ খানের পরিচালনায় এই বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ২৬ মে ২০২৬






