ঈদযাত্রায় নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা রাখার নির্দেশ হাইকোর্টের | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রায় নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা রাখার নির্দেশ হাইকোর্টের | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী সব ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক একটি কামরা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি আদালতকে জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্ব অতিক্রমকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও রাখার কথা উল্লেখ আছে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আইনের এ বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট আবেদন করেন। এর ধারাবাহিকতায় গত ১০ মার্চ আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

পরে বিচারাধীন ওই রুলের পরিপ্রেক্ষিতে সম্পূরক আবেদন করা হলে মঙ্গলবার আদালত এ নির্দেশ দেন।

আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, আইনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরার বিধান থাকলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। ঈদযাত্রায় নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই আদালতের কাছে এ আবেদন জানানো হয়েছিল।

Scroll to Top