
বৈরুত, ২৩ মার্চ – লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম চরম সংকটের মুখে পড়েছে। এই হামলার জেরে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হবে বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
দেশের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে লিটানি নদীর দক্ষিণ অংশে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। তাদের বেশিরভাগই বিভিন্ন স্কুল, হাসপাতাল এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কিন্তু যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় এই অবরুদ্ধ মানুষদের কাছে সহায়তা পৌঁছানো লেবানন প্রশাসনের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬





