
যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রুয়ারি – কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআইয়ের অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা টনি উ এবং জিমি বা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজ নিজ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রায় তিন বছর আগে ইলন মাস্কের সঙ্গে যৌথভাবে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।
জানা গেছে এখন পর্যন্ত এক্সএআইয়ের ১২ জন সহপ্রতিষ্ঠাতার মধ্যে অর্ধেকই সরে দাঁড়িয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জিমি বার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ চাপের বিষয়টি উঠে এসেছে। এআই মডেলের সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ থাকায় প্রযুক্তি দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইলন মাস্ক চাইছেন ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত এগিয়ে যেতে। তবে বিদায়ী বার্তায় জিমি বা কিংবা টনি উ কেউই পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তারা সহকর্মীদের ধন্যবাদ এবং মাস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স কর্তৃক এক্সএআই অধিগ্রহণের ঘোষণার পরপরই এই পরিবর্তনের ঘটনা ঘটল। দুই প্রতিষ্ঠানের মিলিত বাজারমূল্য প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই সমন্বিত প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে পারে। তবে নেতৃত্বের পর্যায়ে এমন ধারাবাহিক প্রস্থান প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬





