ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় সুইজারল্যান্ডে উইটকফ, ভ্যান্সের সফর স্থগিত | চ্যানেল আই অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় সুইজারল্যান্ডে উইটকফ, ভ্যান্সের সফর স্থগিত | চ্যানেল আই অনলাইন

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও পারমাণবিক সমঝোতা নিয়ে প্রথম দফার আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যদিও এই আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, শেষ মুহূর্তে তার সফর স্থগিত করা হয়।

আজ (২০ জুন) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে প্রাথমিক আলোচনা চালাতেই সুইজারল্যান্ডে গেছেন উইটকফ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারকের ভিত্তিতে দুই দেশের প্রতিনিধিদের সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশকেন্দ্রে আলোচনায় বসার কথা ছিল। এই আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি চূড়ান্ত শান্তিচুক্তি ও সম্ভাব্য পারমাণবিক সমঝোতার পথ খুঁজে বের করা।

এর আগে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনার পরিবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতির কারণেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান এবং তাঁর সুইজারল্যান্ড সফর স্থগিত করা হয়।

এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, সংঘাত নিরসনে কখনো কখনো ধৈর্য ও বিচক্ষণতার প্রয়োজন হয়। তবে তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শুক্রবার বিকেলে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংশ্লিষ্ট সূত্রও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

Scroll to Top