ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম – DesheBideshe

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম – DesheBideshe


ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম – DesheBideshe

তেহরান, ২৬ মে – দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪০ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এর দাম কিছুটা কমলেও বর্তমান পরিস্থিতিতে তা আবার ঊর্ধ্বমুখী। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৯১ দশমিক ২৫ ডলারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সেনাদের সুরক্ষার স্বার্থে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলো হরমুজ প্রণালির নিকটবর্তী বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সীমিত করায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণে কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী।

উভয় পক্ষই যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। প্রস্তাবিত চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি থেকে মাইন সরিয়ে নিলে জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সমঝোতা সফল হলে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো পুনরায় চলাচল শুরু করতে পারবে। ইতিমধ্যে চীন ও ভারতের উদ্দেশ্যে কয়েকটি জাহাজ যাত্রা শুরু করেছে বলে জানা গেছে।

এনএন/ ২৬ মে ২০২৬



Scroll to Top