ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প: ৫.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল কেরমানশাহ – DesheBideshe

ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প: ৫.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল কেরমানশাহ – DesheBideshe


ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প: ৫.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল কেরমানশাহ – DesheBideshe

তেহরান, ২০ জুলাই – মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার সকাল ৭টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল কুজারান এলাকা থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। এর আগে গত রবিবার সকালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে কেরমানশাহ ও খুজেস্তানের মতো অঞ্চলগুলো ভূ তাত্ত্বিকভাবে বেশি ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, অগভীর গভীরতায় উৎপন্ন এই কম্পনগুলো জনবসতিপূর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হওয়ার ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। বারবার এমন ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এস এম/ ২০ জুলাই ২০২৬



Scroll to Top