ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড – DesheBideshe

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড – DesheBideshe

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড – DesheBideshe

তেহরান, ৯ ফেব্রুয়ারি – ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। রোববার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে তার একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

আইনজীবী মোস্তাফা নিলি জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে বহুবার বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে।

গত এক দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গেও তিনি আর দেখা করতে পারেননি।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top