মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের নেতৃত্বের একটি বড় অংশ ইতোমধ্যে নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের সামনে শান্তির জন্য “আর একবার সুযোগ” রয়েছে।
তার ভাষায়, “আমরা আশা করি তারা এই সুযোগ নেবে। যাই হোক না কেন, এতে আমেরিকা ও পুরো বিশ্ব আরও নিরাপদ হবে।”
সোমবার টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস এ এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে ইরানের সঙ্গে একটি বৃহত্তর চুক্তি করা সম্ভব কি না -তা নির্ধারণ করতে। তিনি উল্লেখ করেন, আমার পুরো জীবনটাই আলোচনা দিয়ে কাটিয়েছি, আর ইরানের সঙ্গে আমরা অনেক দিন ধরেই আলোচনা করছি। তবে এবার তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেননি, কার সঙ্গে এই আলোচনা চলছে বা কীভাবে তা এগোচ্ছে।
অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ধরনের আলোচনার খবর সম্পূর্ণ অস্বীকার করে এটিকে ভুয়া সংবাদ হিসেবে উল্লেখ করেছেন।




