ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য – DesheBideshe

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য – DesheBideshe

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য – DesheBideshe

লন্ডন, ২ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিশ্চিত করেছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে অংশ নেবে না।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলো তাদের সুরক্ষায় যুক্তরাজ্যের আরও জোরালো ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে। বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে সক্রিয় রয়েছে এবং ইতোমধ্যেই ইরানের ছোড়া বেশ কিছু আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই হুমকি পুরোপুরি নির্মূল করার একমাত্র কার্যকর পথ হলো ক্ষেপণাস্ত্রগুলো তাদের উৎপত্তিস্থলেই ধ্বংস করে দেওয়া। অর্থাৎ, ইরানের যেসব গুদামে ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বা যেসব লঞ্চার ব্যবহার করে সেগুলো নিক্ষেপ করা হয়, তা গুঁড়িয়ে দেওয়া জরুরি।

স্টারমার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং যুক্তরাজ্য সেই অনুরোধ গ্রহণ করেছে।

এর মূল উদ্দেশ্য হলো ইরানকে প্রতিহত করা, যাতে তারা অঞ্চলজুড়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে এবং ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলতে না পারে।

এনএন/ ২ মার্চ ২০২৬



Scroll to Top