যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে রসিকতা করেছেন। তার এ মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি বলেন, ‘তিনি মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি।’
এরপর ট্রাম্প আরও বলেন, ‘কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।’
পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে।
ট্রাম্প রসিকতার সুরে বলেন, ‘জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।’ তার এ বক্তব্যকে অনেকেই হাস্যরস হিসেবে দেখলেও, সমালোচকদের মতে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক শক্তি নিয়ে বিতর্কিত বার্তা বহন করে।



