
ওয়াশিংটন, ৮ এপ্রিল – আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জোরালোভাবে জানিয়েছেন যে ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে একটি সফল চুক্তি স্বাক্ষরিত হলে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা জানান।
ওই পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগামীতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ট্রাম্প দাবি করেন ইরানে অত্যন্ত ফলপ্রসূ একটি সরকার পরিবর্তন ঘটেছে।
এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-টু বোম্বারের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে মাটির নিচে থাকা সব পারমাণবিক বর্জ্য বা উপাদান সরিয়ে ফেলবে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওই হামলার পর থেকে স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ওপর যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও দাবি করেন যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পনেরোটি শর্তের মধ্যে বেশ কয়েকটিতে ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। চুক্তি হলে ইরানকে শুল্ক ও নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬






