ইরানের আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানের টহল, হরমুজ প্রণালীতে উত্তেজনা – DesheBideshe

ইরানের আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানের টহল, হরমুজ প্রণালীতে উত্তেজনা – DesheBideshe

ইরানের আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানের টহল, হরমুজ প্রণালীতে উত্তেজনা – DesheBideshe

মধ্যপ্রাচ্য, ১২ ফেব্রুয়ারি – মধ্যপ্রাচ্যের আকাশে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রুশ সংবাদ সংস্থা নভোস্তির প্রতিবেদনে জানানো হয়েছে যে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি থেকে দুটি অত্যাধুনিক নজরদারি বিমান ইরানের আকাশসীমার অত্যন্ত কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুসারে, মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট-এ পসেইডন রিকনেসান্স বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর চক্কর দিচ্ছে। গত কয়েক দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় মিশন বলে জানা গেছে।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে উড্ডয়ন করা নর্থরপ গ্রুম্যান কোম্পানির তৈরি একটি এমকিউ-ফোর-সি ট্রাইটন ড্রোন ওমান উপসাগরে ইরানের সীমান্তের কাছে দীর্ঘক্ষণ নজরদারি চালিয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

বিশেষ করে জানুয়ারির শেষদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপকূলে ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন, তারপর থেকে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। যদিও এই সাম্প্রতিক বিমান মহড়া নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর জলপথে মার্কিন সামরিক বাহিনীর এমন ঘনঘন বিচরণে ওই এলাকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top