ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং! | চ্যানেল আই অনলাইন

ইমরান হাশমির ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে। সেই প্রত্যাবর্তনের মাঝেই মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি।

বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা)।

ভারতের বক্স অফিসে প্রথম দিনেই ২১ কোটি রুপি নেট আয় করেছে ‘আওয়ারাপন ২’, যা গ্রস হিসাবে প্রায় ২৫.২০ কোটি রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী প্রথম দিনের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটির বেশি।

এটি ইমরান হাশমির ক্যারিয়ারে লিড অভিনেতা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। এর আগে তার ক্যারিয়ারের সেরা ওপেনিং ছিল ‘বাদশাহো’র, যেটি মুক্তির প্রথম দিনে ১২.৫০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ডকে অনেকটা পিছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’।

মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে ৮ কোটি রুপির বেশি আয় করেছিল। শুক্রবার মুক্তির পর বিশেষ করে ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দেখা গেছে ব্যাপক সাড়া। অনেক শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে সিনেমাটির সাড়া তুলনামূলকভাবে সীমিত হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে ভালো ব্যবসা করেছে। আন্তর্জাতিক অঞ্চলগুলো থেকে ছবিটি আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।

‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, মুক্তির এক দিনের মধ্যেই ছবিটি ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘মার্ডার’-এর পুরো লাইফটাইম আয়কে ছাড়িয়ে গেছে!

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতীয় বাজারে ১৬ কোটি রুপি নেট এবং বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি রুপি গ্রস আয় করেছিল। ‘আওয়ারাপন ২’ সেই দুই হিসাবই প্রথম দিনেই পেরিয়ে গেছে।

এমনকি ‘আওয়ারাপন’-এর প্রথম কিস্তির লাইফটাইম আয়ও এক দিনের মধ্যেই ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি। প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে খুব একটা সফল না হলেও পরবর্তী সময়ে এটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে পরিচিতি পায়।

নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমায় শিবম পণ্ডিত চরিত্রে আবারও ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।

সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে; বিশেষ করে ইমরানের অভিনয় এবং ছবির আবহ প্রশংসিত হয়েছে।

প্রথম দিনের এই দারুণ সাফল্যের পর শনিবার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন গতি ধরে রাখতে পারলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশা করছেন নির্মাতারা।

Scroll to Top