কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক তারকারা। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকারের কাছে নতুন করে চিঠি দিয়েছেন বিভিন্ন দেশের ২১ জন সাবেক ক্রিকেটার। গত ছয় মাসে ইমরানের স্বাস্থ্য নিয়ে এটি তাদের দ্বিতীয় আবেদন।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো চিঠিটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে দেয়া হয়েছে। চলতি সপ্তাহে ইমরানের সংক্ষিপ্ত চিকিৎসা পরীক্ষার পর এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ইমরানের সাম্প্রতিক চিকিৎসা-প্রক্রিয়া পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি বলে তারা মনে করছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, হাসপাতালে নিয়ে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন ড. উজমা খানের থাকার কথা ছিল। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেয়ার নির্দেশ ছিল।
তবে সাবেক ক্রিকেটারদের দাবি, ইমরানকে হাসপাতালে নেয়া থেকে শুরু করে পুরো চিকিৎসা-প্রক্রিয়া মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ করা হয়। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক ইমরানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারের কাছে উদ্বেগ জানিয়েছিলেন। এবার সেই উদ্যোগের ধারাবাহিকতায় আরও বড় পরিসরে চিঠি দেয়া হলো।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট ও গ্রেগ চ্যাপেল, ইংল্যান্ডের মাইকেল আথারটন, মাইক গ্যাটিং, অ্যালিস্টার কুক, নাসের হুসেইন ও অ্যান্ড্রু স্ট্রস, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং নিউজিল্যান্ডের জন রাইট।
এ ছাড়া মাইকেল ব্রিয়ারলি, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, বেলিন্ডা ক্লার্ক, লি জার্মন, ডেভিড গাওয়ার ও কিম হিউজও চিঠিতে স্বাক্ষর করেছেন। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের স্বাস্থ্য নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


