ইমনের ৫ উইকেট, জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

ইমনের ৫ উইকেট, জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে আড়াইশ পার করা পুঁজি গড়ে জুনিয়র টাইগাররা। বোলিংয়ে নেমে শুরু থেকেই জিম্বাবুয়েকে কোণঠাসা করে রাখে। ইকবাল হোসেন ইমনের ফাইফারে মিলেছে কাঙ্ক্ষিত সহজ জয়। 

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে যুবা টিম টাইগার্স। জবাবে ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

আগে ওপেনিংয়ে জাওয়াদ আবরার ২৫ এবং রিফাত বেগ ১৫ রান করেন। আজিজুল ৬ চারে ৮৭ বলে করেন ৫৯ রান। কালাম সিদ্দিকী ৮, রিজান হোসেন ৪৭, মোহাম্মদ আব্দুল্লাহ ১২, ফরিদ হাসান ১৩, সামিউন বশীর ১০, শাহারিয়ার আহমেদ ১৫ রান করেন। আল ফাহাদ অপরাজিত ২৩ এবং ইকবাল হোসেন ইমন অপরাজিত ৮ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে টাটেন্ডা চিমুগোরো, মাইকেল ব্লিগনাট, শেলটন মাজভিতোরেরা ২টি করে, পানশে মাজাই ও ওয়েবস্টার মাধিধি একটি করে উইকেট নেন।

বোলিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ইকবাল হোসেন ইমন। দুই ওপেনারকে দলের ৬ রানের মধ্যে ফেরান। তিনে নামা কিয়ান বিলগনাটকে বিদায় করেন আল ফাহাদ।

এরপর আরও ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। অধিনায়ক সিমবারাশা মুদজেনগেরেরের ১২১ বলে ৭০ রান ও মাজভিতোরেরার অপরাজিত ৪২ বলে ৪২ রান ছাড়া বাকিদের কেউই আর জয়ের জন্য পর্যাপ্ত রানের দেখা পাননি।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন পেসার ইকবাল হোসেন ইমন এবং ২ উইকেট শিকার করেন আল ফাহাদ। একটি করে উইকেট নেন রিজান হোসেন এবং আজিজুল হাকিম তামিম।

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ। জয় দিয়ে আসর শেষ করল যুবা টাইগাররা, সেমির আশা শেষ আগেই।

Scroll to Top