
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কর্মী ও নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাইলে তিনি দোয়া ও দাওয়াহ দুটির কথাই জানান। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন এনসিপি নেতা।
পোস্টে আরও জানানো হয়, বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খানের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে শহীদ ওসমান হাদির বিচার দাবি করেন তিনি।
মির্জা আব্বাসের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে নাসীরুদ্দীন লেখেন, বিদায় নেওয়ার সময় আব্বাস ভাই তাকে দুষ্টুমি না করতে বলেন। জবাবে তিনি আব্বাস ভাইকে বলেন, ছোট ভাইয়ের আসনটি কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





