ইতিহাস গড়ার ম্যাচে ‘ফাইটিংয়ের’ আশা বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

ইতিহাস গড়ার ম্যাচে ‘ফাইটিংয়ের’ আশা বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এক দিন পরেই পর্দা উঠছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ১২তম আসরের। টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আর নিজেদের প্রথম ম্যাচে লড়াই করার আশা অধিনায়ক আফঈদা খন্দকারের।

থাইল্যান্ডে বুধবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-সবুজদের প্রতিনিধিরা। থাম্মাসাত স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা শুরু হবে লড়াই।

স্বাগতিক হিসেবে প্রায় সাত বছর পর বয়সভিত্তিক এই এশিয়ান কাপে ফিরেছে থাইল্যান্ড। ২০০৪ সালের আসরে চতুর্থ হওয়া এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য। এরপর আর কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা।

তবে জাতীয় দলের র‍্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাইল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২ নম্বরে থাই মেয়েরা। আর বাংলাদেশের অবস্থান ১১৩তম। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে চান অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আফঈদা।

সোমবারের অনুশীলনের পর আফঈদা বলেছেন, ‘আশা করি, থাইল্যান্ডের সঙ্গে ভালো ফাইটিং ম্যাচ হবে। সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো খেলতে পারি। ট্রেনিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটা সমস্যা, অনেক গরম। গরমের সঙ্গে আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি। যেহেতু অনেক দিন আগেই আমরা এখানে এসেছি, আগের থেকে অনেকটাই মানিয়ে নিয়েছি। সবাই মোটামুটি ভালোই আছে। যেহেতু আমরা দুটি প্রীতি ম্যাচ খেলেছি, এরপর রিকভারিও করেছি। ঘুরতেও গিয়েছি, সবার মন সতেজ আছে।’

‘ওয়ার্ম-আপ করেছি, পাসিং ড্রিল করেছি। তারপর ম্যাচ সম্পর্কিত কিছু স্লাইড দেখিয়েছেন স্যার। যেহেতু থাইল্যান্ডের সঙ্গে খেলা, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এগোতে হবে। তো আমরা সেভাবেই এগোচ্ছি।’

Scroll to Top