এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামের এক যুবক।
সোমবার ২৭ অক্টোবর, দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে এবং স্থানীয় নাট্যমঞ্চে অভিনয়ের কারণে এলাকায় তিনি নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে শামীম আকতার এবং তাঁর স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যাওয়ার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ করেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মুক্তা আক্তার যেতে পারলেও শামীম আটকে যান। এই জটিলতা কাটিয়ে তিনিও দ্রুত স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।
ইতালিতে মুক্তা আক্তার এখনও কোনো কাজ জোগাড় করতে পারেননি। ফলে স্ত্রীর ভরণপোষণের জন্য প্রতি মাসে শামীমকে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হতো। বিদেশ যাওয়ার বিপুল পরিমাণ ঋণ এবং মাসিক এই মোটা অঙ্কের টাকা জোগাড়ের জন্য শামীম প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপের মধ্যে ছিলেন।
ধারণা করা হচ্ছে, এই চাপই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।
শামীমের ভাই জানান, ইতালি থেকে তাঁর ভাবি মোবাইল ফোনে প্রথম শামীমের আত্মহত্যার চেষ্টার খবর দেন। স্ত্রীকে ভিডিও কলে রেখেই শামীম ঘরের ভেতর গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন। খবর পেয়ে দ্রুত বাজার থেকে বাড়িতে ছুটে এলেও দরজা ও জানালার গ্রিল বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের সঙ্গে বিস্তারিত কথা বলার পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলা সম্ভব হবে।




