ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় পেল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার করা একটি ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজেদের ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির বদলে অ্যাওয়ে কিট (গাঢ় নীল রঙ) পরে খেলার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সেই অনুরোধ মঞ্জুর করেছে ফিফা। ফিফার সবুজ সংকেত পাওয়ায় থ্রি লায়ন্সদের বিপক্ষেঅ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে লিওনেল স্কালোনি শিষ্যরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন জানিয়েছে, ফিফার এই সিদ্ধান্তে বাড়তি উন্মাদনা ও উত্তেজনা বিরাজ করছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। কারণ, এই নীল জার্সির সাথে জড়িয়ে আছে আর্জেন্টিনার ঐতিহাসিক দুটি জয়। এর আগে ১৯৮৬ এবং ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যখনই আর্জেন্টিনা জিতেছিল, তখনই তাদের গায়ে ছিল এই নীল রঙের জার্সি।

অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে নিজেদের চিরচেনা আকাশী-সাদা জার্সিতে বিশ্বজয় করলেও, ইংল্যান্ডের বিপক্ষে এই কিট আর্জেন্টিনার জন্য বেশ দুর্ভাগ্যের। ১৯৬৬ এবং ২০০২ বিশ্বকাপে হোম কিট পরে ইংল্যান্ডের কাছে হেরেছিল আর্জেন্টিনা।

চলতি ২০২৬ বিশ্বকাপে গাঢ় নীল রঙের এই অ্যাওয়ে কিটটি আর্জেন্টিনা মাত্র একবারই পরেছে-গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে জয়ের ম্যাচে। এবার সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেই জার্সি পরেই ভাগ্য ফেরাতে চাইছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে থমাস টুখেলের ইংল্যান্ড মাঠে নামবে সম্পূর্ণ সাদা পোশাক পরে। এর আগে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল এবং ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেও অল-হোয়াইট কিট পরে জিতেছিল ইংলিশরা। তবে শেষ ১৬-তে মেক্সিকোর সবুজ ও সাদা জার্সির সাথে রঙের সংঘাত এড়াতে সাদা শার্ট ও নীল শর্টস পরেছিল তারা।

ম্যাচের আগে অতীতের কিছু কাকতালীয় ঘটনাও বেশ আশা জাগাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের মনে। ১৯৯৮ সালে বিশ্বকাপের নকআউট পর্বে যখন শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখনও ইংল্যান্ড সম্পূর্ণ সাদা পোশাক পরেছিল। সেবার ১২০ মিনিটের খেলা ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা।

১৯৮৬ এবং ১৯৯৮ সালের মতো এবার ২০২৬ সালেও একটি ম্যাচও না হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে আর্জেন্টিনা, যা ১৯৬৬ সালের আসরে তারা পারেনি। সেই দুই আসরে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার ডিফেন্ডাররা গোল করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি, নকআউট পর্বে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো জালের দেখা পেয়েছেন।

Scroll to Top